
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান | মুকসুদপুর,গোপালগঞ্জ ১১ মার্চ ২০২৬
একটি দামী আইফোন আর কিছু নগদ টাকার লোভে বন্ধুত্বের চরম বিশ্বাসঘতকতার শিকার হলেন গোপালগঞ্জের মুকসুদপুরের কলেজছাত্র সিয়াম মোল্যা (১৮)। ইতালিতে বসে ছেলের মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদছেন প্রবাসী বাবা লিখন মোল্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "আমার একটা পোলাকে মেরে ফেলছে, শুধু একটা মোবাইলের জন্য... ইফতারের পরে আমার ছেলেকে ডেকে নিয়ে ৪-৫ জন পোলাপান মাইরা ফালাইছে। আমি বিচার চাই জনগণের কাছে।"
নিহত সিয়াম মোল্যা মুকসুদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ (শনিবার) ইফতারের পর সিয়ামকে তার ৪-৫ জন বন্ধু মিলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অভিযুক্তরা মূলত মাদকের টাকা জোগাড় করতে সিয়ামের ব্যবহৃত দামী আইফোন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনামাফিক নেশাগ্রস্ত অবস্থায় সিয়ামকে নির্মমভাবে হত্যা করা হয়।
নিখোঁজের দুই দিন পর, ৯ মার্চ (সোমবার) রাত ১১টার দিকে ঝুটিগ্রাম এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় সিয়ামের পরিবার। মেধাবী এই শিক্ষার্থীর এমন মৃত্যুতে পুরো মুকসুদপুর এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।