
কক্সবাজারের টেকনাফে এক শিশু কন্যা (৯) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। টেকনাফ পৌরসভার কেকে খাল সংলগ্ন পুরাতন রোহিঙ্গা ছৈয়দ করিমের মালিকানাধীন ফিশারী সংলগ্ন ফিশিং ট্রলারে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুটি টেকনাফ সদরের নতুন পল্লান পাড়া এলাকার অসহায় পরিবারের সন্তান বলে জানা যায়। সংযত কারণে নাম ঠিকানা গোপন রাখা হয়েছে।
সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ মার্চ) বিকাল ৩:১০ ঘটিকায় ছৈয়দ করিমের মাছের ফিশারী থেকে রক্তাক্ত ও প্রায় বিবস্ত্র অবস্থায় শিশু কন্যাটি বের হয়ে আসেন। লোকজন জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষণের শিকার হওয়ার কথা স্বীকার করেন। পরবর্তীতে ভিকটিমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এলাকা ইতোমধ্যে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য চিহ্নিত। আইন-শৃঙ্খলার শিথিলতা এবং অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার কারণে দুষ্কৃতিকারীরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। অরক্ষিত ও অসহায় শিশুদের নিরাপত্তার অভাব নিয়ে বর্তমানে এলাকায় তোলপাড় চলছে।
ঘটনার বিষয়ে কায়ুকখালী ঘাট বোট-মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বিষয়টি টেকনাফ মডেল থানায় অবহিত করা হয়েছে। আমরা ইতিমধ্যে ভিকটিমকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং জড়িত অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। অপরাধীকে আইনের আওতায় আনতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি।"
এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন। তারা বলছেন, অপরাধপ্রবণ এই এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ভিকটিম শিশুর পরিবার এবং স্থানীয়রা বিষয়টি নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাফুল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত আছেন এবং ঘটনায় জড়িতকে শনাক্তের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।