
কথা২৪ ডেস্ক | প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বৈঠকের এজেন্ডায় রয়েছে দেশের চলমান জ্বালানি সংকট, শিল্প খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা। ব্যবসায়ীরা ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অর্থায়নের সীমাবদ্ধতা এবং পুঁজিবাজারের অস্থিরতা সম্পর্কেও তাদের উদ্বেগ প্রকাশ করতে পারেন।
এদিকে, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থ ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল ও ভোগ্যপণ্য খাতের ৯ জন উদ্যোক্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
বৈঠকটির উদ্দেশ্য হল নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং কাঠামোগত সংলাপের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।