
কথা২৪ ডেস্ক রিপোর্ট
রাজধানীর মিরপুরে ভূমি সেবা সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে ‘নাগরিক অ্যাকাউন্ট’ তথ্য সংগ্রহ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’-এর আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে মিরপুর ভূমি অফিস প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ভূমির হোল্ডিং মালিকদের তথ্য হালনাগাদ করার পাশাপাশি অনলাইন প্রোফাইল তৈরির কার্যক্রম শুরু হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্যাম্পটি চলবে। এতে UNDP Bangladesh-এর নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা সরাসরি সেবা প্রদান করবেন।
ক্যাম্পে ভূমির হোল্ডিং মালিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর হালনাগাদ করা হচ্ছে। পাশাপাশি ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনলাইন প্রোফাইল তৈরির কাজও চলবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সঠিক ও হালনাগাদ তথ্যভান্ডার গড়ে উঠলে নাগরিকরা ভবিষ্যতে আরও দ্রুত সেবা পাবেন এবং দুর্নীতির সুযোগ কমে যাবে।
মিরপুর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মুহাম্মদ গরীব শাহ বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই তাদের ভূমির তথ্য হালনাগাদ করতে পারছেন। আগে যেসব সেবার জন্য বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো, এখন এক জায়গাতেই তা পাওয়া যাচ্ছে। আমরা আশা করি, সকল ভূমি মালিক নির্ধারিত সময়ের মধ্যে এসে এই সেবা গ্রহণ করবেন।”
সংশ্লিষ্ট সকল হোল্ডিং মালিককে নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পে উপস্থিত হয়ে সর্বশেষ ভূমি উন্নয়ন করের রশিদ, খতিয়ানের কপি (পর্চা) এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এই কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার পথ আরও সুগম হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।