
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান | গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের এক সাঁড়াশি অভিযানে জেলার ইতিহাসের সর্ববৃহৎ মাদকের চালান জব্দ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল, ২০২৬) ভোর রাতে উপজেলার রাতইল গ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ কুখ্যাত মাদক সম্রাট শহিদুল ইসলাম আকাশকে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশ রাতইল গ্রামে মাদক সম্রাট আকাশের বাড়িতে গভীর রাতে অভিযান চালায়। দীর্ঘ তল্লাশি শেষে তার ঘর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ২৭৭ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
মাদক উদ্ধারের পাশাপাশি আকাশের বাড়ি থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪২ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই বিপুল পরিমাণ অর্থ সে মাদক কেনাবেচার মাধ্যমে সংগ্রহ করেছিল।
গ্রেপ্তারের পর দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক জনাকীর্ণ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে পুলিশ সুপার জানান, গোপালগঞ্জ জেলায় এটিই এখন পর্যন্ত জব্দকৃত মাদকের সবচেয়ে বড় চালান। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে আসছিল।
এই বিশাল মাদক চালানসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক হওয়ার খবরে কাশিয়ানীসহ জেলাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে এবং আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।