বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম প্রশাসনকে দলীয়করণের অভিযোগ তুলে বলেছেন, ছাত্রদল পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
তিনি উল্লেখ করেন, ক্ষমতা দখলের মানসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের জন্য দলীয় লোকের নিয়োগ দেওয়া হচ্ছে।
শুক্রবার যশোর শহরের বিডি হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নির্বাচিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব উদ্বেগ প্রকাশ করেন।
নূরুল ইসলাম সাদ্দাম ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি এবং সাধারণ নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
তিনি আরও জানান, সম্প্রতি ক্যাম্পাসে শিবিরের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকি জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে।
নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়, যার ফলে কয়েকজন শিক্ষকও আহত হন।
এছাড়া, বিকেলে প্রতিবাদ মিছিলে ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা পুনরায় হামলার ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।
ইসলামী আদর্শে সমাজ গড়ার আহ্বান জানিয়ে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান সমাজের বিশৃঙ্খলা ও অন্যায় দূর করার একমাত্র উপায় ইসলামী আদর্শকে অনুসরণ করা।
তিনি আরও বলেন, ক্ষমতার লিপ্সা নয় বরং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়তে ছাত্রশিবির প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি সাধারণ মানুষকে সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, শিবিরের সাবেক শহর শাখার সভাপতি এইচ এম শামীম, এবং শহর জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী মুকিত প্রমুখ।






মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।