
মাদকের প্রতিবাদ করে রক্তাক্ত বাবা-ছেলে; শায়েস্তাগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াগাও গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় বাবা ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— ওই এলাকার আহাম্মদ আলী ও তার ছেলে মাসুম। হামলায় তাদের মাথায় গুরুতর জখম হয়েছে এবং হাসপাতালে ৬-৭টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও তার সহযোগী আক্কাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। মাসুম ও তার বাবা এর প্রতিবাদ জানালে তাদের ওপর ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ীরা। গতকাল বিকেলে অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
ভুক্তভোগী মাসুম জানান, হামলার পর তারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। সেখান থেকে তাদের ৩৩৩-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। অভিযোগ উঠেছে, অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা (ঘুষ) নিয়ে পুলিশ মামলাটি নথিভুক্ত না করে উল্টো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
পুলিশের এমন রহস্যজনক ও দায়িত্বজ্ঞানহীন ভূমিকার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। আহতদের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।