
নিজস্ব প্রতিবেদক | ঢাকা Katha24.com
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবাসহ আধুনিক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে চান—এমন মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আব্দুস সালাম।
রোববার রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত ডিজিটাল ওয়াইফাই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ উপলক্ষে কলেজের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন বিষয়ক নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ নির্বাচনী কার্যক্রমের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার, কৃষিবিদ শামীম রহমান শামীম, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ, অধ্যাপক আলেয়া আক্তার, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মনিরুজ্জামান এবং ফ্রি পাবলিক ওয়াইফাই জোনের সমন্বয়ক সাব্বির হোসেন সাব্বির।
আব্দুস সালাম বলেন, “বর্তমান যুগ ডিজিটাল যুগ। এই যুগে পুরনো অ্যানালগ সিস্টেম দিয়ে এগোনো সম্ভব নয়। শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখা। কিন্তু দেশের অধিকাংশ ছাত্র আর্থিকভাবে সংকটে থাকে। সেই বাস্তবতা মাথায় রেখেই আমাদের নেতা তারেক রহমান শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালুর উদ্যোগ নিয়েছেন।”
তিনি বলেন, এই ওয়াইফাই সেবা শুধু ছাত্রদলের জন্য নয়—সব ধর্ম ও বর্ণের শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ সম্পর্কে তথ্য পাবে।
জুলাই বিপ্লব প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, “এই বিপ্লব সংঘটিত হয়েছে সর্বস্তরের মানুষের রক্তদানের মাধ্যমে, যেখানে ছাত্রদের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এই অর্জনকে ছিনতাই করতে চায়। জুলাই বিপ্লবের নামে তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, দেশের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশই ছাত্র ও তরুণ সমাজ। শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতির ধারা সৃষ্টি করতে হবে। অপরাজনীতি ও অপরাধনীতি পরিহার করে সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি সব ধর্মের সহাবস্থান এবং নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাস করে। শিক্ষার্থীদের মাঝে বিএনপির আদর্শ ও ইতিহাস তুলে ধরাই ছাত্রনেতাদের মূল দায়িত্ব।”
অনুষ্ঠানে তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আবু হুজাইফা রকি, রিমা হোসেন, নূর হোসেন রাজুসহ অন্যান্য ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।