
DESK REPORT II KATHA24
রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে সমালোচনার রাজনীতি নয়, বরং জনগণের ভাগ্যপরিবর্তনের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও কার্যকর কর্মসূচির মাধ্যমেই দেশের প্রকৃত উপকার করা সম্ভব—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী রবিউল আলম রবি।
তিনি বলেন, নির্বাচনী জনসভায় চাইলে রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে নানা সমালোচনা করা যায়। কিন্তু শুধু সমালোচনায় দেশের বা জনগণের কোনো লাভ হয় না। জনগণের প্রকৃত লাভ তখনই নিশ্চিত হয়, যখন কোনো রাজনৈতিক দলের হাতে থাকে জনগণের ভাগ্য বদলের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও বাস্তবভিত্তিক কর্মসূচি।
বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি কার্ড এবং দেশের মা ও গৃহিণীদের সহায়তায় ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে গ্রাম ও শহরের প্রান্তিক ও খেটে খাওয়া নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, সারা দেশের স্কুলশিক্ষকদের পর্যায়ক্রমে কম্পিউটার দেওয়ার মাধ্যমে প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা হবে। পাশাপাশি শহর ও গ্রাম—সব জায়গায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রায় দেড় কোটি প্রবাসী ভাই-বোনের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতি সচল রয়েছে। তাঁদের হয়রানি কমাতে, নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশে ফিরে সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে চালু করা হবে প্রবাসী কার্ড।
দেশের ধর্মীয় ব্যক্তিত্বদের প্রসঙ্গে তিনি বলেন, অনেক ইমাম, খতিব, মুয়াজ্জিন ও ধর্মীয় গুরু মানবেতর জীবনযাপন করছেন। বিএনপি সরকার গঠন করলে তাঁদের জন্য সম্মানজনক জীবনের নিশ্চয়তা দেওয়া হবে।
বিএনপির অতীত শাসনামলের উদাহরণ তুলে ধরে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষকবলিত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ শিল্পায়নের পথে এগিয়ে যায় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ‘এমার্জিং টাইগার’ হিসেবে স্বীকৃতি পায়। মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করেছিলেন তিনি। এই ইতিহাসই প্রমাণ করে—বিএনপি অভিজ্ঞতার আলোকে দেশ পরিচালনা করতে সক্ষম।
তিনি নির্বাচনে ষড়যন্ত্র ও অপচেষ্টার আশঙ্কার কথাও তুলে ধরেন। বলেন, নকল ব্যালট সিল তৈরির ঘটনায় একটি পক্ষ ধরা পড়েছে। তাই ঢাকা-১০সহ সারা দেশের গণতন্ত্রপ্রত্যাশী মানুষকে সতর্ক থাকতে হবে। কেউ বিকাশ নম্বর, এনআইডি নম্বর বা ব্যক্তিগত তথ্য চাইলে সেটিকে ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করতে হবে।
এর আগে বনানী বাজারসংলগ্ন মাঠে আয়োজিত ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে তারেক রহমান নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে সব নাগরিক দিন-রাত নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন এবং পরিবার নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন।
এদিন তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।