
নিজস্ব প্রতিবেদক, ২৩ ফেব্রুয়ারি ২০২৬: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় পরিবর্তন এনেছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তিনি বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে তাজুল ইসলাম জানিয়েছিলেন, সরকার তাকে বিষয়টি অনানুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। তবে প্রজ্ঞাপন জারির আগে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর তাজুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন। ট্রাইব্যুনালের বর্তমান পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।