
নিজস্ব প্রতিবেদক, ঢাকা । কথা২৪
রাজধানীর ঢাকা দক্ষিণাংশের ডেমরা এলাকায় দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর খাজনার অজুহাত দেখিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, ডেমরার স্টাফ কোয়ার্টার, সারুলিয়া ও আশপাশের এলাকায় কথিত “জামান-সেলিম গ্যাং” নামে পরিচিত একটি গ্রুপ নতুন ভবন নির্মাণকাজে পাইলিং শুরুর আগে জোরপূর্বক অর্থ দাবি করে। নির্ধারিত অঙ্ক পরিশোধ না করলে ঠিকাদার ও ভবন মালিকদের নানা ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, “কাজ শুরু করতে গেলেই লোক পাঠিয়ে বলে—খাজনা দিতে হবে। না দিলে কাজ বন্ধ করে দেবে। আমরা ভয়ে অনেক সময় টাকা দিয়ে দেই।”
এলাকাবাসীর অভিযোগ, চক্রটি সিটি কর্পোরেশনের বৈধ রাজস্ব আদায়ের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে এ ধরনের কোনো অর্থ আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা আছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
সচেতন মহল বলছেন, অবৈধ চাঁদাবাজির কারণে নির্মাণ খরচ বাড়ছে, যার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের ওপরই পড়ছে। একই সঙ্গে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।
ডেমরা এলাকার সচেতন বাসিন্দারা অবিলম্বে তদন্ত সাপেক্ষে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপই পারে এই অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।