
স্টাফ রিপোর্টার | রমাগঞ্জ katha24.com
রমাগঞ্জ উপজেলার রায়চাঁদ বাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ধানের শীষ ও ফুলকপি প্রতীকের সমর্থক-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে শুরু হওয়া এই উত্তেজনা মুহূর্তের মধ্যে পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কথাকাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ধাওয়া চালায়। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবেই তাদের কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারিসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানা গেছে।
এলাকাবাসী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।