
নগরজুড়ে মেয়র পদে আলোচনায় ইশতিয়াক আহমেদ সিদ্দিকী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই দেশজুড়ে শুরু হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা। এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও জোর গুঞ্জন।
সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসছেন সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। ইতোমধ্যে তার কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে জোর প্রচারণা শুরু করেছেন।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দিয়েছিল বিএনপি। নির্বাচনের ফলাফলেও এর প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। সিলেট বিভাগের একটি আসন বাদে প্রায় সবগুলো আসনেই জয় লাভ করে দলটি এবং সারাদেশে দুই শতাধিক আসন পায়।
ফলে দলীয় কর্মী-সমর্থকদের বিশ্বাস, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ক্লিন ইমেজের বিবেচনায় ইশতিয়াক সিদ্দিকীই এগিয়ে থাকবেন।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ইশতিয়াক সিদ্দিকী সর্বমহলে একজন সজ্জন ও পরিশ্রমী নেতা হিসেবে সুপরিচিত। পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হিসেবেও তার পরিচিতি রয়েছে, যা তার জনপ্রিয়তাকে আরও দৃঢ় করেছে।
এ বিষয়ে জনাব ইশতিয়াক সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কৌশলী মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসায় দল সরকার গঠনের পথে। এরপর স্থানীয় নির্বাচন নিয়ে দলীয় হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও যদি ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ প্রত্যাশার চেয়েও ভালো ফল আসবে।
সব মিলিয়ে সিলেট নগর রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘিরে নগরজুড়ে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।