
শনিবার (২৫ এপ্রিল) বাস্তব কর্মক্ষেত্র ও আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীরা বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’ এবং দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ কার্যালয় পরিদর্শন করেন।
বিভাগের এই শিক্ষা সফরের মূল লক্ষ্য ছিল একটি টেলিভিশন চ্যানেলের কারিগরি ও সম্পাদকীয় কার্যক্রম এবং একটি জাতীয় দৈনিকের সংবাদ প্রক্রিয়াকরণের ধাপগুলো সরাসরি পর্যবেক্ষণ করা।
পরিদর্শনের প্রথম ভাগে শিক্ষার্থীরা স্টার নিউজ কার্যালয়ে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। চ্যানেলটির সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম শিক্ষার্থীদের নিউজ রুম, স্টুডিও, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ও স্পোর্টস ডেস্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখান। এসময় তিনি একটি সংবাদ সংগ্রহ থেকে শুরু করে তা সম্প্রচার পর্যন্ত প্রতিটি ধাপের কারিগরি দিক ও ডেস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
স্টার নিউজের সিইও মোকছেদুল কামাল বাবু শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “পড়াশোনার পাশাপাশি এই প্রাক্টিক্যাল জ্ঞান ভবিষ্যতে আপনাদের পেশাগত জীবনে ব্যাপক কাজে আসবে। আপনারা আজ এশিয়ার অন্যতম পূর্ণাঙ্গ অটোমেটেড টেলিভিশন এবং এর অত্যাধুনিক ইকুইপমেন্ট পরিদর্শন করেছেন। আমরা নিয়োগের সময় অনেক ক্ষেত্রে দক্ষ সাংবাদিকতার শিক্ষার্থী পাই না। আশা করি, আপনারা যখন চাকুরিক্ষেত্রে আসবেন, তখন এই শূন্যতা পূরণ হবে।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী রবিউল ইসলাম শাকিল তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আজকের এই সরাসরি অভিজ্ঞতা আমাদের মিডিয়া হাউজে কাজ করার ক্ষেত্রে দারুণভাবে অনুপ্রাণিত করবে। এই জ্ঞান আমাদের ইন্ডাস্ট্রি-উপযোগী দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।”
দুপুরে শিক্ষার্থীরা দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলো কার্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন পত্রিকাটির কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা প্রথম আলোর সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান।
পরবর্তীতে প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। একটি সংবাদকে ধাপে ধাপে কিভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়া হয় এবং বিভিন্ন ডেস্কের কাজের সমন্বয় কীভাবে করা হয়, সে সম্পর্কে তিনি শিক্ষার্থীদের সম্মুখ ধারণা দেন।
ইন্ডাস্ট্রিয়াল ট্যুর প্রসঙ্গে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, “বিভাগে বর্তমানে ৭টি ব্যাচ চলমান রয়েছে। আমাদের পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি ব্যাচকেই আমরা পর্যায়ক্রমে বিভিন্ন মিডিয়া হাউজ পরিদর্শনে নিয়ে যাচ্ছি। এটি ছিল সেই উদ্যোগেরই অংশ। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা টিভি ও প্রিন্ট মিডিয়ার কর্মপরিবেশ দেখে অনুপ্রাণিত হবে এবং তাদের লব্ধ জ্ঞানকে কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবে।”
পেশাদার সাংবাদিকতার বাস্তব চিত্র ও প্রাতিষ্ঠানিক পরিবেশ সরাসরি দেখার এই সুযোগ শিক্ষার্থীদের আগামী দিনের সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।