
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবিরের ইফতার মাহফিলের মঞ্চ ব্যবহার করে তৈরি হওয়া বিতর্কিত ভিডিও নিয়ে দিনভর সমালোচনার পর অবশেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। ঘটনার প্রায় এক দিন পর মধ্যরাতে সংগঠনটির পক্ষ থেকে সভাপতি রিয়াজুল ইসলাম তীব্র নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিজ্ঞান অনুষদের মাঠে শিবিরের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ইফতার মাহফিল। আলোকসজ্জা ও প্যান্ডেল দিয়ে সাজানো আয়োজন শেষে সাধারণ শিক্ষার্থী ও দায়িত্বশীলরা নামাজের জন্য মসজিদে গেলে প্যান্ডেল ও ব্যানারসহ স্টেজটি ফাঁকা পড়ে থাকে।
শিবিরের দাবি, সুযোগটি কাজে লাগিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত জকসুর সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদের নেতৃত্বে একটি দল স্টেজে উঠে কাওয়ালিসদৃশ ব্যঙ্গাত্মক ভিডিও ধারণ করে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে মুহূর্তেই ভাইরাল হয় এবং দেশজুড়ে সমালোচনা শুরু হয়।
বিবৃতিতে শিবির অভিযোগ করেছে, ঘটনার পর অনেকেই ভিডিওটিকে শিবির আয়োজিত ইফতার মাহফিলের অংশ হিসেবে চালিয়ে অপপ্রচার করছেন, যা সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা। শিবির এ ঘটনাকে “নৈতিকতা বিবর্জিত ও আদর্শ বহির্ভূত কর্মকাণ্ড” হিসেবে নিন্দা জানায়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কখনোই নৈতিকতা-বহির্ভূত কোনো কাজে জড়িত নয়। স্টেজ ফাঁকা পেয়ে ব্যক্তিগতভাবে ভিডিও করার এই ঘটনাকে শিবিরের প্রোগ্রাম বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। দেশের সচেতন মহলকে এসব বিভ্রান্তিতে কান না দেয়ার অনুরোধ জানাচ্ছি।”
এ ঘটনার আগে তাকরিম আহমেদ তার ভিডিও সরিয়ে নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন। তবে শিবিরের এই আনুষ্ঠানিক নিন্দা বিবৃতি প্রকাশের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।