
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, দেশের কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করার দিকে সরকার কাজ করছে, যার মূল উদ্দেশ্য হল করদাতাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন, কর ব্যবস্থাকে সহজতর করতে সরকার অতিরিক্ত পরিশোধিত কর ফেরতের প্রক্রিয়াকে উন্নত করার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি, ই-ট্যাক্স রিটার্ন সিস্টেমে ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
গতকাল শনিবার, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে এনবিআর চেয়ারম্যান এসব মন্তব্য করেন।
আইসিএমএবি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এই আলোচনায় এনবিআর চেয়ারম্যানের বক্তব্যে করদাতাদের জন্য সরকারের উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, পেশাজীবীদের গঠনমূলক সুপারিশগুলোকে সরকার বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে, যা করের আওতা বাড়াতে এবং করদাতাদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে সহায়ক হবে।
রাজধানীর আইসিএমএবি’র রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায়, স্বাগত বক্তব্য রাখেন সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে, কর ও ভ্যাট বিষয়ে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
কর নীতির সংস্কার নিয়ে আলোচনা করেন, এনবিআর-এর সাবেক সদস্য (কর) রঞ্জন কুমার ভৌমিক। প্রস্তাবিত ভ্যাট সংস্কার ও অব্যাহতি সম্পর্কে আলোচনা করেন এনবিআর’র প্রথম সচিব (ভ্যাট নীতি ও ভ্যাট অব্যাহতি) মো. মশিউর রহমান। এছাড়া, ট্যাক্স ভেরিফিকেশন সিস্টেম (টিভিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর ও ভ্যাট বিষয়ক বিষয়ে আলোচনা করেন এম এম অ্যান্ড কোং-এর সিইও মো. মহিমন।
আইসিএমএবি সভাপতি মো. কাওসার আলম বলেন, ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি-নির্ভর বাজেট পেতে আমাদের দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, করের পরিধি সম্প্রসারণ, আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সভায়, আইসিএমএবি’র সদস্য, শিক্ষাবিদসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।